SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২০

কাব্যাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর (ক-ঘ) উত্তর দাও (২.৫ × ৪ = ১০): রুষিলা বাসবত্রাস। গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জীমূতেন্দ্র কোপি, কহিলা বীরেন্দ্র বলী,— "ধর্মপথগামী, হে রাক্ষসরাজানুজ, বিখ্যাত জগতে তুমি;— কোন ধর্ম মতে, কহ দাসে, শুনি, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি,— এ সকলে দিলা জলাঞ্জলি? শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা! এ শিক্ষা, হে রক্ষোবর, কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জি তোমা! হেন সহবাসে, হে পিতৃব্য, বর্বরতা কেন না শিখিবে? গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি।"

বাংলা (লিখিত) — প্রশ্ন 3

ব্যাখ্যা

কাব্যাংশ মাইকেল মধুসূদন দত্তের 'বিভীষণের প্রতি মেঘনাদ' থেকে; মূল ভাব— দেশপ্রেম ও জ্ঞাতিত্বের বিপরীতে বিশ্বাসঘাতকতার প্রতি ঘৃণা।

  1. ক) কাব্যাংশটির ভেতরের সংলাপে 'জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি' নিয়ে প্রশ্ন উঠেছে কেন? (২.৫ নম্বর)

    জাতিগত চেতনা তথা দেশপ্রেমের গুরুত্ব বোঝাতে 'জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি' নিয়ে কাব্যাংশটির ভেতরের সংলাপে প্রশ্ন উঠেছে। মেঘনাদের কাছে মনে হয়েছে তার চাচা বিভীষণ নিজ ধর্ম ভুলে জাতি, কুল সব বিসর্জন দিয়েছে। শাস্ত্রমতে গুণহীন হলেও নির্গুণ স্বজনই শ্রেয়, কেননা গুণবান হলেও পর সর্বদা পরই থেকে যায়। কিন্তু বিভীষণ করেছে উলটো— সে শত্রু রাম-লক্ষ্মণকে সহায়তা করেছে আপন দেশ ও জাতির বিরুদ্ধে গিয়ে। তাই কাব্যাংশের সংলাপে এ প্রশ্ন উঠেছে।

  2. খ) মেঘনাদের সংলাপের মূলভাব অনধিক পাঁচ বাক্যে ব্যক্ত কর। (২.৫ নম্বর)

    কাব্যাংশটিতে মেঘনাদের সংলাপে মাতৃভূমির প্রতি ভালোবাসা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি বিশ্বাসঘাতকতা ও দেশদ্রোহিতার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে ঘৃণা। তার সংলাপে জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব ও জাতিসত্তার সংহতির গুরুত্বের কথা ব্যক্ত হয়েছে। পাশাপাশি এর বিরুদ্ধে পরিচালিত ষড়যন্ত্রকে অভিহিত করা হয়েছে নীচতা ও বর্বরতা বলে।

  3. গ) যে ভঙ্গি ও স্বরে বিভীষণের প্রতি মেঘনাদ ঘৃণা ব্যক্ত করেছেন তা নিজের ভাষায় লেখ। (২.৫ নম্বর)

    দেশ, জাতি ও আপন পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করায় বিভীষণকে তীব্র ক্ষোভ ও ঘৃণার সাথে তিরস্কার করেছেন মেঘনাদ। মেঘের গম্ভীর গর্জনের মতো রুষ্ট স্বরে তিনি বলেন, বিভীষণ ধর্মের দোহাই দিয়ে 'জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি' ত্যাগ করে রামের পক্ষাবলম্বন করেছেন; নীচের সঙ্গে থেকে তিনি বর্বরতা শিখেছেন। তাই ভ্রাতুষ্পুত্র মেঘনাদ তাকে এমন কাজের জন্য তীব্র তিরস্কার করেন।

  4. ঘ) বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে কাব্যাংশটির সাদৃশ্য রয়েছে— কীভাবে? (২.৫ নম্বর)

    কাব্যাংশটির চরিত্রদ্বয় ও বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের দুটি শ্রেণিকে বিশেষভাবে চিত্রিত করে। মেঘনাদ চরিত্রটি যেন আমাদের মুক্তিযুদ্ধের সময়ের হাজারো মুক্তিসেনার প্রতিচ্ছবি। আবার বিভীষণ চরিত্রটির মাধ্যমে মুক্তিযুদ্ধের সময় বিশ্বাসঘাতক আলবদর, আলশামস, রাজাকারদেরকেই যেন নির্দেশ করা হয়েছে। মুক্তিসেনারা এদেশের সম্মান অক্ষুণ্ণ রাখতে নিজের জীবন বাজি রেখেছিলেন; পক্ষান্তরে বিশ্বাসঘাতক রাজাকাররা পাকিস্তানি দোসরদের সাথে মিলে এদেশের সম্মানকে ভূলুণ্ঠিত করতে চেয়েছে, ঠিক যেমনটি আমরা বিভীষণ চরিত্রের মধ্যে দেখতে পাই।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 3 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া