SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২১

অনুচ্ছেদটি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঙ) উত্তর দাও (৫ × ২ = ১০): চিরকাল গলার স্বর আমার কাছে বড়ো সত্য। রূপ জিনিসটি বড়ো কম নয়, কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনির্বচনীয়, আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা। আমি তাড়াতাড়ি গাড়ির জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম, কিছুই দেখিলাম না। প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার একচক্ষু লণ্ঠন নাড়িয়া দিল, গাড়ি চলিল; আমি জানালার কাছে বসিয়া রহিলাম। আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না, কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম। সে যেন এই তারাময়ী রাত্রির মতো, আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমেষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপরে আসিয়া বসিয়াছ। কী আশ্চর্য পরিপূর্ণ তুমি— চঞ্চল কালের ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই, অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই।

বাংলা (লিখিত) — প্রশ্ন 1

ব্যাখ্যা

অংশটি রবীন্দ্রনাথের 'অপরিচিতা' গল্পের— কথক অনুপম, অচেনা কণ্ঠ কল্যাণীর; এটি চিনে নিলে প্রতিটি উত্তর গল্পের প্রসঙ্গে লেখা যায়।

  1. ক) 'অন্তরতম' ও 'অনির্বচনীয়' শব্দ দুটির মাধ্যমে কথক কোন বিষয়টিকে নির্দেশ করেছেন? (২ নম্বর)

    অনুপম কল্যাণীর কোমল মনের সন্ধান তার কণ্ঠস্বরের মাধ্যমে পেয়েছিল, যাকে সে অনির্বচনীয় সুন্দর বলে বিশেষিত করেছে। অন্তর বা মনের ঘনিষ্ঠতম যা তাই অন্তরতম; এই অন্তরের অনুভূতি বর্ণনাতীত। মানুষের কণ্ঠস্বরের মধ্য দিয়ে অন্তরের সেই অব্যক্ত প্রতিচ্ছবি ফুটে ওঠে। কল্যাণীর কোমল হৃদয়ের সন্ধান পেয়ে অনুপম তার কণ্ঠস্বরকে অন্তরতম ও অনির্বচনীয়— বিশেষণে বিশেষিত করে।

  2. খ) 'একচক্ষু লণ্ঠন' বলতে কী বোঝানো হয়েছে? (২ নম্বর)

    'একচক্ষু লণ্ঠন' বলতে বিশেষ এক ধরনের লণ্ঠনকে বোঝানো হয়, যার একদিক খোলা আর তিনদিক ঢাকা। এটি রেলপথের সংকেত দেখানোর কাজে ব্যবহৃত হয়।

  3. গ) 'সে যেন এক তারাময়ী রাত্রির মতো' উক্তিটির তাৎপর্য কী? (২ নম্বর)

    কল্যাণীর অনির্বচনীয় সুন্দর কণ্ঠস্বরকে অনুপম তারাময়ী রাত্রির সঙ্গে তুলনা করে উক্তিটি করেছে। তারাময়ী রাত আমাদের চোখের খোরাক জোগায়, মনকে দেয় স্নিগ্ধ অনুভূতি; কিন্তু এ রাত ধরা-ছোঁয়া যায় না— একে দূর থেকে দেখে মনকে শান্ত করতে হয়। অনুপম কল্যাণীকে দেখেনি, তার কণ্ঠস্বর শুনেছে কেবল। তাই হৃদয়ের মধ্যে সে কল্যাণীর রূপ দেখতে পায়নি, তার কণ্ঠস্বরের সৌন্দর্য অনুভব করতে পেরেছে মাত্র। এই অনুভূতিকেই সে তারাময়ী রাত্রির সাথে তুলনা করেছে।

  4. ঘ) কথক কাকে 'তুমি' সম্বোধন করেছে? (২ নম্বর)

    অনুপম তার অপরিচিতার কণ্ঠস্বরের আড়ালে থাকা কল্যাণীকে 'তুমি' বলে সম্বোধন করেছিল। অনুপম কল্যাণীর কণ্ঠস্বরকে অনির্বচনীয় সুন্দর বলে আখ্যায়িত করেছে। সেই কণ্ঠস্বর অনুপমের মনে এতটা আবেশ সৃষ্টি করেছিল যে ক্ষণিকের ব্যবধানে এই কণ্ঠস্বর যেন কথকের আপনজনে রূপ নিয়েছিল এবং তারই বহিঃপ্রকাশ ঘটেছে অপরিচিতাকে 'তুমি' সম্বোধনের মধ্য দিয়ে।

  5. ঙ) অনুচ্ছেদটিতে কণ্ঠস্বরকে কীভাবে মহিমান্বিত করা হয়েছে? (২ নম্বর)

    অনুচ্ছেদের কথকের কাছে কণ্ঠস্বর যেন মানুষের অন্তরের প্রতিচ্ছবি। মানুষের মনের যে অংশ ধরা-ছোঁয়ার বাইরে কিন্তু অন্তরতম এবং অনির্বচনীয়— তা মানুষের কণ্ঠস্বর। মানুষের মনের আসল রূপের সন্ধান পাওয়া যায় কণ্ঠস্বরের মধ্য দিয়ে। কণ্ঠস্বর যেন অন্তরতম, তারাময়ী রাত্রির মতো; কথক কণ্ঠস্বরকে ফুলের পাপড়ির কোমলতার সঙ্গে তুলনা করেছে।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 1 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া