'ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধ্বনি-কাছে ঋণী সে যে পাছে ধরা পড়ে।'— ভাবটির সম্প্রসারণ কর।
বাংলা (লিখিত) — প্রশ্ন 2
ব্যাখ্যা
ভাবসম্প্রসারণে রূপকটি ভাঙতে হয়: ধ্বনি = উপকারী, প্রতিধ্বনি = অকৃতজ্ঞ উপকৃত— তারপর সমাজজীবনের উদাহরণ দিয়ে উপসংহার।
ক) ভাবটির সম্প্রসারণ কর। (৫ নম্বর)
মূলভাব: উপকারীর উপকারকে স্বীকার করার মাধ্যমে কৃতজ্ঞতার চমৎকার উদাহরণ সৃষ্টি করা যায়। উপকারীর উপকারকে অস্বীকার করার মাধ্যমে মনুষ্যত্বের অবমাননা করা হয়। ধ্বনি থেকে সৃষ্টি হওয়া প্রতিধ্বনিকে ঋণ স্বীকারের বিষয়ে ধ্বনির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। কিন্তু প্রতিধ্বনি বিপরীতে ধ্বনিকে সর্বদা ব্যঙ্গ করে। এর মাধ্যমে প্রতিধ্বনি ধ্বনির কাছে নিজের ঋণী পরিচয় লুকিয়ে রাখতে চায়। প্রতিধ্বনির এ ধরনের কার্যক্রম অকৃতজ্ঞতার পরিচায়ক। ধ্বনি ছাড়া প্রতিধ্বনির অস্তিত্বহীনতা এড়িয়ে হীনম্মন্যতাবশত প্রতিধ্বনি যেমন তা অস্বীকার করে, সমাজেও প্রতিধ্বনির মতো সত্য গোপনকারী অকৃতজ্ঞ অনেক লোক রয়েছে। সত্য প্রকাশে, ঋণ স্বীকারে যে অগৌরবের কিছু নেই এ সহজ সত্যটি তারা কখনোই স্বীকার করে না। আমাদের জীবনেও প্রতিধ্বনির ন্যায় অকৃতজ্ঞ লোক দেখা যায়— যারা কখনোই উপকারীর উপকার স্বীকার করে না, বরং ব্যঙ্গ ও পরিহাসের মাধ্যমে নিজেদের হীনম্মন্যতাকেই প্রকাশ করে। অন্যের সহযোগিতায় জীবন উদ্ভাসিত ও উপকৃত হলে তা স্বীকার না করে উপকারীর উপহাস করা এক ধরনের ব্যাধি। ব্যক্তিজীবনে অন্যের থেকে পাওয়া উপকার স্বীকার করলে নিজের ছোটো হওয়ার সম্ভাবনা থাকে না, বরং উপকারীর সাথে সম্প্রীতি স্থাপিত হয়। নিজের উপকৃত হওয়ার বিষয়টি লুকালে তাতে সমাজ ও উপকারীর কাছে ঘৃণিত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে।