SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০২২

নিচের গদ্যাংশটি পড়ে প্রদত্ত প্রশ্নগুলোর (ক-ঙ) উত্তর দাও (৫ × ২ = ১০): মানব-কল্যাণ অলৌকিক কিছু নয়- এ এক জাগতিক মানবধর্ম। তাই এর সাথে মানব-মর্যাদার তথা Human dignity-র সম্পর্ক অবিচ্ছেদ্য। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কী দেখতে পাই? দেখতে পাই দুস্থ, অবহেলিত, বাস্তুহারা, স্বদেশ-বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিনই বেড়ে চলেছে। সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ, রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ। রেডক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধিই কি প্রমাণ করে না মানব-কল্যাণ কথাটা স্রেফ মানব-অপমানে পরিণত হয়েছে? মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব-কল্যাণ মানব-অপমানে পরিণত না হয়ে পারে না। কালের বিবর্তনে আমরা এখন আর tribe বা গোষ্ঠীবদ্ধ জীব নই – বৃহত্তর মানবতার অংশ। তাই Go of humanity-কে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না। তেমনি নেওয়া যায় না তার কল্যাণকর্মকেও খণ্ডিত করে। দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র, কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ। যে সম্ভাবনার স্ফুরণ-স্ফুটনের সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব-কল্যাণ।

বাংলা (লিখিত) — প্রশ্ন 1

ব্যাখ্যা

অনুচ্ছেদের কেন্দ্রীয় ভাব— মর্যাদা রক্ষা করেই প্রকৃত মানব-কল্যাণ— ধরে প্রতিটি উত্তর দিতে হয়; 'কী/কি'-র পার্থক্যে উদাহরণসহ পদ-পরিচয় দেখাতে হয়।

  1. ক) মানব কল্যাণের সঙ্গে মানব-মর্যাদার সম্পর্ক কেন অবিচ্ছেদ্য? (২ নম্বর)

    মানব-কল্যাণ অলৌকিক কিছু নয়, বরং এটি পৃথিবীব্যাপী বিদ্যমান মানুষের একটি স্বাভাবিক ধর্ম। পৃথিবী জুড়ে প্রতিটি মানুষের অধিকার রয়েছে তার মৌলিক চাহিদা পূরণ করার। কিন্তু কোনো কারণে সে তা করতে ব্যর্থ হলে তাকে মানব-কল্যাণের নামে দান-খয়রাত করে নয়, বরং তার মর্যাদা বৃদ্ধির উপায় বের করে সাহায্য করতে হবে। কেননা মানব-কল্যাণের নামে দান-খয়রাত করা মনুষ্যত্বের মর্যাদার লঙ্ঘন। আর তাই মানব-কল্যাণ ও মানব-মর্যাদার সম্পর্ক অবিচ্ছেদ্য।

  2. খ) গদ্যাংশটিতে ব্যবহৃত 'কী' এবং 'কি'-এর অর্থগত ও ব্যাকরণগত পার্থক্য কর। (২ নম্বর)

    'কি' সাধারণত হ্যাঁ-বোধক ও না-বোধক প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়; যেমন— 'রেডক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধিই কি প্রমাণ করে না…?' এর উত্তর হ্যাঁ/না দিয়ে দেওয়া যায়। অপরদিকে 'কী' সাধারণত বর্ণনামূলক প্রশ্নে ব্যবহৃত হয়; যেমন— 'কী দেখতে পাই?' এর উত্তর 'হ্যাঁ' বা 'না' দিয়ে দেওয়া যায় না। ব্যাকরণগতভাবে সর্বনাম, বিশেষণ, ক্রিয়াবিশেষণ ও যোজক পদরূপে 'কী' শব্দটি ঈ-কার দিয়ে লেখা হয়; অপরদিকে 'কি'-এর ব্যবহার হয় অব্যয় পদরূপে।

  3. গ) 'অসীম' ও 'অনন্ত সম্ভাবনা' পদবন্ধের প্রাসঙ্গিকতা ও তাৎপর্য সংক্ষেপে লেখ। (২ নম্বর)

    'অসীম' ও 'অনন্ত সম্ভাবনা' পদবন্ধ দ্বারা মানুষের মাঝে বিদ্যমান অশেষ ও সীমাহীন কল্যাণ কার্য সম্পাদনের সম্ভাবনার দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে। দেখতে আর দশটা সাধারণ প্রাণীর মতো হলেও মানুষ সমাজবদ্ধ জীব। গোষ্ঠীবদ্ধ জীবনের সীমা পেরিয়ে তারা এখন বৃহত্তর মানবতার অংশ। আর এ বৃহত্তর গোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় যে অসাধ্য সাধন করা সম্ভব, বৃহত্তর মানব-কল্যাণ করা সম্ভব, সে বিষয়টিই অনুচ্ছেদের বাক্যটিতে ফুটে উঠেছে। আর তাই এ পদবন্ধের ব্যবহারকে প্রাসঙ্গিক ও যৌক্তিক বলা যায়।

  4. ঘ) গদ্যাংশটিতে ব্যবহৃত ইংরেজি শব্দের তালিকা তৈরি কর। (২ নম্বর)

    (i) Human; (ii) Dignity; (iii) রিলিফ; (iv) রিহেবিলিটেশন; (v) রেডক্রস; (vi) Tribe; (vii) Go of Humanity

  5. ঙ) গদ্যাংশটিতে প্রকাশিত বক্তব্যের সারাংশ দুটি বাক্যে লেখ। (২ নম্বর)

    দান-খয়রাতকে মানব-কল্যাণ মনে করায় এবং মানব-মর্যাদা সম্পর্কে অসচেতনতার কারণে মানব-কল্যাণের মতো মহৎ কর্ম মানব-অপমানের হাতিয়ারে পরিণত হয়েছে। বৃহত্তর মানব-গোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রেখে মানব-কল্যাণ সাধনের মতো কঠিন কার্য সম্পাদন করতে।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 1 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া