অনুচ্ছেদটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও (১ × ৫ = ৫): যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে, ততবারই তা পড়ে যাবে। দেশের যারা শত্রু, দেশের যা-কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা! আমার এমন গুরু নেই, যার খাতিরে সে আগুন-সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেবে। আমি সে-দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনো দিনই কারুর বাণীকে বেদবাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচ জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনো দিনই করব না।
বাংলা (লিখিত) — প্রশ্ন 1
ব্যাখ্যা
উৎস ('আমার পথ', কাজী নজরুল ইসলাম) চিনে নিলে বাকি উত্তরগুলো প্রবন্ধের মূলভাব— সত্যনিষ্ঠা ও আত্মশক্তি— থেকে সহজে লেখা যায়।
ক) উপরের অংশটুকু কার লেখা? কোন রচনার অংশবিশেষ? (১ নম্বর)
উপরের অংশটুকু কাজী নজরুল ইসলামের লেখা। এটি 'আমার পথ' রচনার অংশবিশেষ।
খ) 'আগুনের সম্মার্জনা' বলতে কী বোঝানো হয়েছে? (১ নম্বর)
'আগুনের সম্মার্জনা' বলতে কাজী নজরুল ইসলাম 'আমার পথ' প্রবন্ধে আগুন দিয়ে ঘষে-মেজে অন্তর পরিষ্কার করা বুঝিয়েছেন। সমাজের যে ভিত্তি পচে গিয়েছে তাকে সমূলে উৎপাটিত করতে হবে; যা কিছু অশুভ, মিথ্যা, মেকি সেগুলো দূর করার প্রয়োজনে আগুন দ্বারা ঘষে-মেজে পরিষ্কার করার কথা তিনি বলেছেন।
গ) ইমারত পড়ে যাওয়ার কথা বলা হয়েছে কেন? (১ নম্বর)
ইমারত পড়ে যাওয়ার কথা দ্বারা যে সমাজের ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন সমাজ গঠনের কথা বলা হয়েছে। পচে যাওয়া ভিত্তির ওপর যতবার ইমারত খাড়া করা হবে, তথা সমাজ সংস্কারের চেষ্টা করা হবে, ততবারই ইমারত পড়ে যাবে, অর্থাৎ চেষ্টা ব্যর্থ হবে।
ঘ) লেখক কোন দাসত্বের কথা বলেছেন? (১ নম্বর)
লেখক মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়ার দাসত্বের কথা বলেছেন। সত্যকে অস্বীকার করে কোনো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেওয়া এক ধরনের দাসত্ব, যা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত।
ঙ) এখানে ভণ্ডামি বলতে কী বোঝানো হয়েছে? (১ নম্বর)
এখানে ভণ্ডামি বলতে সত্যকে অস্বীকার করে মিথ্যাকে স্বার্থ হাসিলের জন্য ব্যবহার করাকে বোঝানো হয়েছে। কোনো কিছু না বুঝে পাঁচজনকে খুশি করতে কিংবা প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষায় অসত্যকে মেনে নেওয়া হলে সেটি ভণ্ডামি।