SmartPora
সৃজনশীল প্রশ্ন · ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা · ২০১৯

অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নগুলোর (ক-ঘ) উত্তর দাও (২.৫ × ৪ = ১০): রাস্তায় একটা রিকশা নাই। তা রিকশার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম। কী মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পানসে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগল নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বেলুচ রেজিমেন্ট, না কমান্ডো ফোর্স, নাকি প্যারা মিলিটারি, নাকি মিলিটারি পুলিশ, ওদের তো একেক গুষ্টির একেক নাম, একেক সুরত। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক। সে বেশ হনহন করে হাঁটে। শেষ-হেমন্তের বৃষ্টিতে বেশ শীত শীত ভাব। তার রেইনকোটের ভেতরে কী সুন্দর ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালোই যে করেছে।

বাংলা (লিখিত) — প্রশ্ন 1

ব্যাখ্যা

অংশটি আখতারুজ্জামান ইলিয়াসের 'রেইনকোট' গল্পের— নুরুল হুদা মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টুর রেইনকোট পরে সাহস পান; এই প্রসঙ্গ ধরে প্রতিটি উত্তর লিখতে হয়।

  1. ক) 'টুপির তেজ' বলতে অনুচ্ছেদে কী বোঝানো হয়েছে? (২.৫ নম্বর)

    অনুচ্ছেদে টুপির তেজ বলতে মুক্তিযোদ্ধাদের দেশপ্রেম ও সাহসিকতাকে বোঝানো হয়েছে। গল্পকথক নুরুল হুদা প্রিন্সিপালের তলবে বাসা থেকে বের হন কলেজে যাওয়ার জন্য। সে সময় বৃষ্টি হচ্ছিল বলে তাঁর বউ মুক্তিযোদ্ধা মিন্টুর (নুরুল হুদার শ্যালক) রেইনকোট বের করে তাকে পরতে দেন। রেইনকোট পরে বের হলে বৃষ্টির ফোঁটা টুপি বেয়ে পড়ার সময় তিনি এক ফোঁটা জিভে নিয়ে লক্ষ করেন যে পানির স্বাদ পানসে নেই, এতে যেন কোনো তেজ মিশে আছে। এই তেজ মূলত তাঁর শ্যালক মুক্তিযোদ্ধা মিন্টুর দেশপ্রেমের আদর্শের তেজ, যা নুরুল হুদার মধ্যে দেশপ্রেম ও সাহসিকতা সঞ্চার করে।

  2. খ) অনুচ্ছেদে ব্যবহৃত 'গুষ্টি', 'সুরত' শব্দ দুটি পাকিস্তানি বাহিনীর প্রতি কথকের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে; কীভাবে? (২.৫ নম্বর)

    অনুচ্ছেদে ব্যবহৃত 'গুষ্টি', 'সুরত' শব্দ দুটি দ্বারা পাকিস্তানি বাহিনীর প্রতি কথকের অবজ্ঞার দৃষ্টিভঙ্গি প্রকাশিত হয়েছে। পাকিস্তানিরা ১৯৭১ সালে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে এদেশের মানুষকে নির্বিচারে হত্যা করে। তাদের মধ্যে কারো কারো নাম ছিল পাঞ্জাব আর্টিলারি, বালুচ রেজিমেন্ট, কমান্ডো ফোর্স, মিলিটারি পুলিশ ইত্যাদি। তাদের বিভিন্ন গ্রুপের পোশাক, অস্ত্রশস্ত্র এবং কাজের মধ্যে ছিল বৈচিত্র্য; বিভিন্ন দল বিভিন্ন উপায়ে মানুষ হত্যা করত। তাই অবজ্ঞাভরে লেখক তাদের 'গুষ্টি' ও 'সুরত' শব্দে চিহ্নিত করেছেন।

  3. গ) 'মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালোই যে করেছে।' উক্তিটির তাৎপর্য কী? (২.৫ নম্বর)

    উক্তিটি দ্বারা গল্পকথক নিজের ভাগ্যকে সুপ্রসন্ন মনে করেছেন। গায়ে রেইনকোটটি থাকায় নুরুল হুদা রিকশার পরোয়া করেন না, হনহন করে বাসস্ট্যান্ডের দিকে হাঁটেন। রেইনকোট পরায় তাকে দেখে মনে হচ্ছিল নতুন কোনো বাহিনীর সদস্য, তাই তিনি নিরাপদে থাকেন। এছাড়া শেষ-হেমন্তের বৃষ্টির শীতশীত ভাব থেকে রেইনকোটের ভেতরে তিনি ওম অনুভব করেন— এসব মনে করেই নুরুল হুদা উক্তিটি করেন।

  4. ঘ) অনুচ্ছেদটিতে 'রেইনকোট' কীসের প্রতীক হয়ে উঠেছে তা সংক্ষেপে লেখ। (২.৫ নম্বর)

    অনুচ্ছেদে রেইনকোট উষ্ণতা, দেশপ্রেম ও সাহসের প্রতীক হয়ে উঠেছে। রেইনকোট গায়ে থাকায় নুরুল হুদা সাহস করে রিকশার জন্য অপেক্ষা না করেই বাসস্ট্যান্ডের দিকে হাঁটা দেন। রেইনকোটের টুপি বেয়ে পড়া পানি খেয়ে তাতে তিনি যেন এক নতুন তেজ অনুভব করেন এবং নিজেকে নতুন কোনো বাহিনীর সদস্যের সাথে তুলনা করেন। মুক্তিযোদ্ধা মিন্টুর সাহস তাঁর মধ্যে সঞ্চারিত হয়; এভাবে মিন্টুর রেইনকোট ভীতু প্রকৃতির নুরুল হুদার মাঝে এক সাহসী ব্যক্তিত্বের বিকাশ ঘটায়।

এই বিষয়ের আরও প্রশ্ন

বাংলা (লিখিত) — প্রশ্ন 1 — উত্তর ও ব্যাখ্যা | SmartPora — স্মার্টপড়া